বেতন-ভাতা কমানোর নির্দেশনা

বেসিক ব্যাংকে কর্মী অসন্তোষ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২৩:০৩

রাষ্ট্রীয় মালিকানার অন্যান্য ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো করার নির্দেশনা জারি করেছে বেসিক ব্যাংক লিমিটেড। আর এ নির্দেশনার ফলে এ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা কমে যাবে। এতে ব্যাংকের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাজধানীর সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়ে কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে অবস্থান নেন।

জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানার অন্যান্য ব্যাংকের সঙ্গে সামঞ্জস্য রেখে গত রবিবার বেতন কাঠামো করার প্রজ্ঞাপন জারি করে ব্যাংক কর্তৃপক্ষ। যা ওইদিন থেকেই কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসিক ব্যাংকে গত ৭ বছর ক্রমাগত লোকসান হওয়ায় বিদ্যমান অতিরিক্ত বেতন-ভাতা ব্যাংকের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। বিধায় ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামো ও অন্যান্য সুবিধাদি বাতিল করা হলো। নতুন নির্দেশনার বিষয়টি জানাজানি হলে গতকাল সোমবার সকাল থেকেই একত্রিত হতে থাকে ব্যাংকের কর্মীরা। পরে দুপুরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভের মাধ্যমে তারা অবিলম্বে নির্দেশনা বাতিলের দাবি জানান।