পিরোজপুরের সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে তিন মামলার অনুমোদন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ২৩:০৪

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্তও নিয়েছে কমিশন। গতকাল সোমবার কমিশন অনুসন্ধান কর্মকর্তার প্রতিবেদন যাচাইবাছাই করে এই মামলাগুলো এবং সম্পদ বিবরণী দাখিলের নোটিশ অনুমোদন দেয়। আজ মঙ্গলবার কমিশন মামলাটি দায়ের করতে পারে বলে দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

দুদক সূত্র জানায়, সাবেক এমপি এ কে এম এ আউয়াল অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যহারের মাধ্যমে ছয় জন ভুয়া ব্যক্তির নামে ভূমিহীন দেখিয়ে সরকারি খাস জমি লিজ নিয়ে তার স্ত্রী লায়লা পারভীনের নামে তিনতলা ভবন নির্মাণ করেন এবং তা পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতিকে ভাড়া দিয়ে অবৈধভাবে দখলে রাখেন। একই প্রক্রিয়ায় স্বরূপকাঠি উপজেলায় ডাকবাংলোর নিকটে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে আধুনিক ডাকবাংলো নির্মাণের অপরাধে সাবেক এমপি এ কে এম এ আউয়াল বিরুদ্ধে আরেকটি মামলা করবে কমিশন। অপর দিকে পিরোজপুর শহরের খুমুরিয়া মৌজার রাজার পুকুর নামে পরিচিত ৪৪ শতাংশ সরকারি খাস জমির চারদিকে প্রাচীর দেয়াল নির্মাণ করে তা দখলে রাখার অভিযোগে আরেকটি মামলা করবে দুদক। এ ছাড়া, সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও অনুসন্ধান চলছে দুদকে। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিপুল সম্পদের তথ্য পেয়েছে কমিশন। উল্লেখ্য, সাবেক এমপি এ কে এম এ আউয়াল পিরোজপুর-১ আসন থেকে ২০০৮ ও ২০১৪ সালে পরপর দুবার আওয়ামী লীগ মনোনীত হয়ে এমপি নির্বাচিত হন।