সিদ্ধিরগঞ্জে শ্রমিক অসন্তোষ কারখানা ভাঙচুর, চার কর্মকর্তাকে মারধর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০০:১১

সিদ্ধিরগঞ্জে বেতন পরিশোধ না করে বিনা নোটিশে শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে রপ্তানিমুখী একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও চার কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন শ্রমিকরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সুমিলপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট নিট গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কারখানার জিএম মনির, পিএম শহিদ, কমপ্লেক্স ম্যানেজার শিহাব উদ্দিন ও কাটারম্যান সেলিম। এদের মধ্যে দুই জনকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, বিনা নোটিশে কারখানার অপারেটর আমিনুলকে গত রোববার ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে অফিস কক্ষ, ম্যানেজিং ডিরেক্টরের কক্ষ ও কনফারেন্স রুম ভাঙচুর করা হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানার এইচ আর এডমিন শিহাব উদ্দিন গত রবিবার বহিরাগত লোক এনে অপারেটর আমিনুলকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আটক রেখে বিভিন্ন হুমকি দিয়ে ছাঁটাই করে দেন। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে আমিনুলের ছাঁটাই প্রত্যাহারের জন্য শিহাব উদ্দিনকে অনুরোধ করেন অন্য শ্রমিকরা। তখন শিহাব অশ্লীল ভাষায় গালাগালি করেন। তাছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত জিএম হুমায়ুন নারী শ্রমিকদের কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করেন একাধিক নারী শ্রমিক। তবে এ অভিযোগ অস্বীকার করেন হুমায়ুন।

শিল্পপুলিশের সিনিয়র এএসপি আমিরুল জানান, শ্রমিকদের অভিযোগ তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পেলে মালিক পক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কারখানায় হামলা ও ভাঙচুরের পেছনে কোনো অসত্ উদ্দেশ্য রয়েছে কি না তাও খতিয়ে দেখা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। শ্রমিকরা লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।