আশুলিয়া ও কাপাসিয়ায় অবৈধ দশ ইটভাটার ৩৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০০:১১

সাভারের আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়া মড়াগাং এলাকায় তুরাগ নদীর তীরবর্তী কৃষি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানা করা ইটভাটাগুলো হলো— দেওয়ান  ব্রিকস, এসমিবি ব্রিকস, রাজু ব্রিকস, আল আশরাফ ব্রিকস-১, আল আশরাফ ব্রিকস-২।

কাপাসিয়ায় অবৈধ পাঁচ ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশ দূষণবিরোধী এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ও পার্শিয়া সুলতানা প্রিয়া। অভিযানকালে ঐ এলাকার মেসার্স কমর উদ্দিন ব্রিকস, কামাল উদ্দিন ব্রিকস, মেসার্স ৩৩১ ব্রিকস, মেসার্স ৫৫৫ ব্রিকস ও মেসার্স আব্দুল হাই মেম্বার ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটাগুলোর আগুন নেভায় এবং ভাটাগুলো ভেঙে দেয়।