ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে গতকাল ‘আমরা নির্যাতিত জনতা’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করে ওই এলাকার বাসিন্দারা।
মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে বক্তব্য দেন, কৃষিবিদ ড. হারুন-উর-রশিদ, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক রোকেয়া খাতুন, উত্তরা থানা যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সহসম্পাদক নাজমুল আজম ভূঁইয়া প্রিন্স। সমাবেশে বক্তারা বলেন, ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম একজন মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু। তার হাত থেকে বিমানবন্দর পাবলিক টয়লেট, ৪৯ নম্বর ওয়ার্ড সিটি করপোরেশনের ময়লা আবর্জনা অপসারণের কাজ এবং সিভিল এভিয়েশনের ভূমি ও রেলওয়ের সম্পত্তি রক্ষা পায়নি। বিমানবন্দরের কার পার্কিং, এয়ার কার্গো, সি অ্যান্ড এফ ব্যবসা ও বাবুস সালাম ওয়াকফ এস্টেট মসজিদ-মাদ্রাসাও তার দখলে। বক্তারা ওই কাউন্সিলরের বাহিনীর নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
