বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বলেছেন, নিজেদের দলে কথিত গণতন্ত্র চর্চার নামে বিরোধী দল ও প্রতিপক্ষের গণতন্ত্রকে টুঁটি চেপে হত্যা করা হচ্ছে।
তিনি ডাকসুর ভিপি নুরের ওপর হামলাকারীদের বিচার দাবি করে বলেন, ডাকসু ভিপির রুমে লাইট নিভিয়ে দিয়ে নুরুল হক নুরসহ তার নেতৃত্বাধীন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর জঙ্গি কায়দায় হামলা ক্যাম্পাসে ছাত্রলীগের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডেরই বহিঃপ্রকাশ। গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, জাতিকে এই মিডনাইট সরকার যে গভীর সংকটে পতিত করেছে, সেই সংকট উত্তরণের ইতিবাচক কিছু আসেনি আওয়ামী লীগের কাউন্সিলে। বরং শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাহেব সাধারণ সম্পাদক হওয়ার পরদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমহিমায় আবির্ভূত হয়ে সাধারণ শিক্ষার্থীদের নজিরবিহীন সন্ত্রাসী কায়দায় আক্রমণ করেছে, ছাত্রদের রক্তে রক্তাক্ত হয়েছে ক্যাম্পাস।
