জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাপা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, কারো জমিদারিও নয়। জাপা একটি পরিবার। এখানে কারো ভুলত্রুটি হলে তা আলাপ-আলোচনার মাধ্যমেই মীমাংসা করা হবে। তিনি গতকাল সোমবার তার বনানীর কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি লিটন ও জাগপার প্রেসিডিয়াম সদস্য হাসমত উল্লাহ জাপায় যোগ দেন।
এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপার চেয়ারম্যান বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাপা প্রার্থী দেবে এবং প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকবেন। এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে অ্যালায়েন্সের প্রস্তাব এলে জাপা তা বিবেচনা করবে। তিনি জানান, আজ মঙ্গলবার থেকে জাপা মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ করবে। যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
