চ্যানেল আই চত্বরে
বিনোদন রিপোর্ট
বিটিভির ৫৬তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এদিনে পথচলা শুরু করে বিটিভি। চ্যানেল আই প্রতিবছরই তাদের দায়বদ্ধতা থেকে বিটিভির জন্মদিনে নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করে আসছে বিশেষ অনুষ্ঠান। চ্যানেল আইয়ের এ আয়োজনের ফলে দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে কাছে পাবেন বিটিভির মহা-ব্যবস্থাপকসহ বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।
বিটিভির জন্মদিনে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘গানে গানে সকাল শুরু’র এদিনের পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছে। আর কুয়াশাচ্ছন্ন শীতের ভোরের এ আয়োজনে থাকবে রেজওয়ানা চৌধুরী বন্যার একক পরিবশেনা ও সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত পরিবেশনা। এছাড়াও অনুষ্ঠানে প্রবীণ ও নবীন শিল্পীদেরও পরিবেশনা থাকবে। বিটিভির শুরু থেকে বর্তমান সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করবেন অনুষ্ঠানে আগত অতিথিরা। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান নান্টু। অনুষ্ঠানটি সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও বাংলাদেশ টেলিভিশন।
