সিনেটে ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষী হাজিরের সম্ভাবনা নাকচ হয়নি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২১:০১

ম্যাককনেল

g বিবিসি

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুনানিতে সাক্ষী হাজিরের সম্ভাবনা নাকচ করা হয়নি বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল। বিচার প্রক্রিয়া নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সাংসদের বাদানুবাদের মধ্যেই সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা এ কথা জানান। সুষ্ঠু বিচারের জন্য ডেমোক্র্যাটরা সিনেটের শুনানিতে সাক্ষী হাজিরের দাবি জানিয়ে আসছে।

ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে আনুষ্ঠানিক অভিশংসিত করে। বড়োদিন ও নতুন বছরের ছুটি শেষে আগামী মাস থেকে সিনেটের বিচার শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জুলাইয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার সম্ভাব্য ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্ব্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে চাপ সৃষ্টি করেছিলেন বলে অভিযোগ বিরোধীদের। দরকষাকষির অংশ হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্ট ইউক্রেইনের জন্য বরাদ্দ সামরিক সহায়তাও প্রত্যাহার করে নিয়েছিলেন বলে ভাষ্য তাদের।

ক্ষমতার অপব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট অপর একটি দেশকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন—এ অভিযোগেই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হয়। পরে নিম্নকক্ষের ভোটে তিনি অভিযুক্তও হন। অভিশংসনের যে অভিযোগগুলো নিয়ে নিম্নকক্ষে ভোট হয়েছে, তার নথি এখনো সিনেটের কাছে হস্তান্তর করা হয়নি বলে ম্যাককনেল জানিয়েছেন।