g রয়টার্স
নেপালে সাইবার ক্রাইম ও ব্যাংক জালিয়াতির অভিযোগে ১২২ জন চীনা নাগরিককে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে বিভিন্ন দেশ থেকে পর্যটন ভিসায় আসা বিদেশি নাগরিকদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড়ো অভিযান।
মঙ্গলবার কাঠমান্ডুর পুলিশপ্রধান উত্তম সুবেদি জানান, আটক এ চীনা নাগরিকরা সন্দেহভাজন কর্মকাণ্ডে জড়িত, এমন তথ্য পেয়েই তারা অভিযানে নামেন। তিনি জানান, আটককৃতরা সাইবার অপরাধ ও ব্যাংকের ক্যাশ মেশিন হ্যাকিংয়ের চেষ্টায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের পাসপোর্ট ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এবারই প্রথম সন্দেহভাজন এত বিদেশিকে একসঙ্গে আটক করা হলো। তাত্ক্ষণিক এ বিষয়ে নেপালের চীনা দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। কাঠমান্ডু পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা হবিন্দ্রা বোগাদি জানান, চীনের দূতাবাস নেপাল কর্তৃপক্ষের অভিযান সম্পর্কে অবগত আছে এবং তারা সন্দেহভাজনদের আটকের ক্ষেত্রে সায়ও দিয়েছিল। গত সপ্তাহে ফিলিপিন্স কর্তৃপক্ষও অনিবন্ধিত জুয়া চালানোয় চীনের ৩৪২ শ্রমিককে আটক করেছিল।
এশিয়ার বিভিন্ন দেশে সন্দেহজনক বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রায়ই চীনা নাগরিকরা আটক হয়ে থাকেন। তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও দেশটিতে অবস্থান করে অভিবাসন আইন লঙ্ঘন করছেন কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
