ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে অন্তত ২৫ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে সাউথ সুমাত্রা প্রদেশের লিকু লেমাতাং এলাকার পাহাড়ি রাস্তা থেকে ৩৮ আরোহীর বাসটি ১০০ মিটার নিচে নদীতে পড়ে যায় বলে জানিয়েছে বিবিসি। তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে ১২০ উদ্ধারকর্মীকে নিয়োজিত করা হয়।
দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসটি সুমাত্রার বেংকুলু শহর থেকে পালেমবাংয়ে যাচ্ছিল বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। পাগার আলাম পুলিশের শীর্ষ কর্মকর্তা ডলি গুমারা জানান, তার বাহিনী আগে জীবিতদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে। দুর্ঘটনা সংশ্লিষ্ট এলাকার যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
