স্পোর্টস ডেস্ক
ইনজুরি কাটিয়ে ফেরার মঞ্চটা প্রস্তুত হয়ে রইল ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর। তিনি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে। একই সঙ্গে এই দলে ফেরানো হয়েছে ওপেনার শিখর ধাওয়ানকে। বিশ্রামে রাখা হয়েছে আরেক ওপেনার রোহিত শর্মাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে আছেন মোহাম্মদ শামিকেও। একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে খেলার জন্য ওয়ানডে দলও ঘোষণা করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সেই দলে অবশ্য শামি-রোহিত দুজনই আছেন। আছেন শিখর-বুমরাহও।
গেল আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে ক্রিকেটের বাইরে ছিলেন বুমরাহ। কারণ, কোমরের স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছিলেন তিনি।। খেলতে পারেননি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে। আর গেল মাস থেকে দলের বাইরে আছেন ধাওয়ান। ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে চোট পাওয়া ভূবনেশ্বর কুমারকে বিবেচনা করা হয়নি এই সিরিজের জন্য। ইনজুরি সারাতে না পারায় নেই দীপক চাহারও। ফলে, দুই দলেই আছেন দুই তরুণ ফাস্ট বোলার শার্দুল ঠাকুর ও নবদ্বীপ সাইনি।
আগামী ৫ জানুয়ারি শুরু হবে লঙ্কানদের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ জানুয়ারি। সেই সিরিজ শেষ হতে না হতেই চলে আসবে অস্ট্রেলিয়া দল। আগামী ১৪ জানুয়ারি মুম্বাইয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে ১৭ ও ১৯ জানুয়ারি।
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল:
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, রিশাব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, নবদীপ সাইনি, জাসপ্রিত বুমরাহ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে দল:
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, কেদার যাদব, রিশাব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, নবদীপ সাইনি, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি।
