স্পোর্টস ডেস্ক
ক্রমশ নেইমারের ছায়া থেকে বের হয়ে আসতে থাকা কিলিয়ান এমবাপে জানিয়েছেন তার নজর অনেক দূরে। শুধু তাই নয়, তার লক্ষ্য ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকেও ছাড়িয়ে যাওয়া।
এমনিতে পিএসজিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারই হলেন দলের সবচেয়ে বড়ো তারকা হিসেবে। বিশ্বকাপজয়ী ফরাসি এই ফরোয়ার্ড নেইমার চোটে পড়ার পর নিজেকে পিএসজির আক্রমণভাগে প্রাণ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে আসা এই তারকা গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে করেছেন ৩৯ গোল। চলতি মৌসুমে গোল করেছেন ১৮টি।
ব্রাজিল তারকা নেইমার বারবার চোটে পড়ার পরও খারাপ করেননি। এমবাপে এখনো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকেই দেখেন দলের সবচেয়ে বড় তারকা হিসেবে। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমি যখন প্যারিসে আসি, তখন কোনো সন্দেহ ছাড়াই নেইমার ছিলেন দলের সবচেয়ে বড়ো তারকা, যাকে আমি কিছুটা সাহায্য করতে এসেছিলাম।’
ফ্রেঞ্চ ফুটবলকে দেওয়া সাক্ষাত্কারে গত বিশ্বকাপের সময়কার কথাও তুলে ধরেন ২১ বছর বয়সি এমবাপে। যে টুর্নামেন্টের পর থেকে শুরু হয় দুজনের তুলনা। এমবাপে বলেন, ‘তিনি চোটে পড়লেন, (ব্রাজিল) বিশ্বকাপ থেকে ছিটকে গেল এবং আমি এটা জিতলাম। এরপর থেকে আমাদের কথিত প্রতিদ্বন্দ্বিতা নিয়ে গল্প শুরু হলো। যেখানে বলা হলো, আমি তার জায়গা নিতে চাই।’
তিনি আরো বলেন, ‘এসব শুনলে আমার খারাপ লাগে। ২০১৮ সালের আগস্টে আমি যখন ফিরলাম (ক্লাবে); প্রথমে যেটা করেছিলাম তা হলো, নেইমারকে ধরলাম ও বললাম, ‘ভেব না, আমি এখানে তোমার সাজানো বাগান মাড়িয়ে যাবো না। আমি নিশ্চিত করছি, আমি তোমার জায়গা নিতে চাই না, এটা তুমিই রাখতে পার। আমি সবসময় এখানে আছি তোমাকে সাহায্য করতে।’
ক্লাব সতীর্থকে নিয়ে না ভেবে বরং মনে মনে এমবাপে ছক কষছেন কীভাবে রেকর্ড ছয় বারের বর্ষসেরা মেসিকে ছাড়িয়ে যাওয়া যায়। তিনি বলেন,‘আমি মাথা নিচু রেখে শান্তভাবে মৌসুম শেষের অপেক্ষা করি। আমি নিজেকেই ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি।’
এমবাপে প্রসঙ্গটি ধরে আরো বলেন, ‘এরপর একসময় উপলব্ধি করলাম, আমি ইউরোপের সেরা গোলদাতা হওয়ার চেষ্টা করতে পারি। কিন্তু প্রতিপক্ষ যে মেসি। আমি দুই গোল করলে তিনি করেন তিনটি; আমি তিনটি করলে উনি চারটি।’
মেসির ব্যাপারে উসমানের দেম্বেলের সঙ্গে কথা বলেছিলেন এমবাপে। এ ব্যাপারে দেম্বেলে জানান মেসি তার নৈপুণ্য নজরে রাখেন। এতেই খুশি এমবাপে,‘আমি নিজেকে বলি, হ্যাঁ, মেসি আমাকে দেখছেন। এটা তৃপ্তিদায়ক যে, তার মতো একজন খেলোয়াড় আমাকে অবজ্ঞা করেন না।’—বিডিনিউজ
