ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। গতকাল লেনদেনের শুরুতে উত্থান থাকলেও দেড় ঘণ্টা পর টানা নামতে থাকে সূচক। লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অঙ্কেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
তথ্যমতে, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার ২১ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ মার্চ ২০১৮ ডিএসইতে লেনদেন হয়েছিল ২২৪ কোটি ৫৩ লাখ ৬৭ হাজার টাকা। দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে তিন পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩৯০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৩৯ কোটি ৪৫ লাখ ৩৩ হাজার টাকা। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২৬৩ কোটি ৪৮ লাখ ৪৩ হাজার টাকা। সে হিসেবে গতকাল ডিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা।
অপরদিকে, দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্যসূচক সিএসইএক্স সাত পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ১০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭ কোটি ৬৩ লাখ ৬ হাজার টাকা।
