পরিমাপে কারচুপি :ফের ছয় পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ছয়টি পেট্রোল পাম্পসহ আট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মামলার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানাও করা হয়। এর আগেও বেশ কয়েক বার অভিযান চালিয়ে পেট্রোল পাম্পগুলোর ওজন ও পরিমাণে কম দেওয়ার সত্যতা পেয়েছে বিএসটিআই। এ অভিযোগে জরিমানাসহ মামলাও করা হয়। তা সত্ত্বেও এ  অনিয়ম থামছে না। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী বিভিন্ন এলাকায়ই এ ধরনের অনিয়ম করছে। এ ধরনের অভিযান দেশের প্রত্যন্ত অঞ্চলেও পরিচালনা করা দরকার।

বিএসটিআই সূত্র জানিয়েছে, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গাজীপুর জেলা সদরে দিদার ফিলিং স্টেশন, এস এস ফিলিং স্টেশন, টাঙ্গাইল জেলার কাটরা এলাকার লৌহজং ফিলিং স্টেশন, গাজীপুরের চন্দ্রা এলাকার মুনস্টার ফিলিং স্টেশন, গাজীপুরের ভূমি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, টাঙ্গাইলের বোয়ালী এলাকার সখিপুর ফিলিং স্টেশন, কচুয়া বাজার এলাকার জাহিদ ট্রেডার্স, এম আলম ট্রেডার্স। গত সপ্তাহব্যাপী এসব অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুনুর রশিদের নেতৃত্বে পরিদর্শক মো. লিয়াকত হোসেন এবং বিএসটিআইর সার্ভিল্যান্স অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন  প্রমুখ উপস্থিত ছিলেন।