নসরতপুর রেল স্টেশনের কার্যক্রম চালু করুন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:০২

বগুড়া জেলার অতি গুরুত্বপূর্ণ একটি রেলস্টেশন নসরতপুর। কিন্তু স্টেশনটির সকল কার্যক্রম বন্ধ থাকায় এর বর্তমান অবস্থা দুর্দশাগ্রস্ত। সান্তাহার-লালমনিরহাট রুটে বগুড়ার আদমদীঘি উপজেলায় স্টেশনটির অবস্থান। লোকবল সংকট দেখিয়ে ২০১২ সালে এখানকার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এদিকে দীর্ঘদিন ধরে ঐ রুটের প্রতিটি সাধারণ, মেইল ট্রেন সিগনাল ও খবরাখবর ছাড়া নসরতপুরে যাত্রাবিরতি করছে। ট্রেনযাত্রীরা জানতে পারেন না কোন ট্র্রেন কখন আসছে। তারপরও ঐ রুটে প্রতিদিন এখান থেকে শত শত যাত্রী ট্রেনে চলাচল ও মালামাল পরিবহন করেন। স্টেশনে ৪ নম্বর পর্যন্ত রেল বিস্তৃত ছিল। এখানে রেলের কর্মচারী না থাকায় যন্ত্রাংশ, জায়গা বেহাত হয়ে যাচ্ছে। নসরতপুুরের সড়কপথে ট্রেনযাত্রীদের ভিড় নিত্যদিনের। পরিশেষে, জনসাধারণের দুর্ভোগ লাঘবে পশ্চিম বগুড়ার গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনটি অবিলম্বে চালু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া