নুরের ওপর বারবার হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে ----------------- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনে ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান                 খান কামাল। তিনি বলেন, ‘আমারও প্রশ্ন, তার ওপর কেন বারবার হামলা হচ্ছে? তবে এটি খতিয়ে দেখা হবে।’ গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কাওরান বাজারের ওয়াসা ভবনে সোভিয়েত এলামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পরে ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর নেতৃত্বে আসছে নুরও। তাই আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে করে ভবিষ্যত্ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে, যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে, সেটা আমরা প্রত্যাশা করব, যাতে ভবিষ্যতে রাজনীতি নেতাশূন্য না হয়ে পড়ে।’

নুর এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন। শুরু থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে হামলার পুনরাবৃত্তি হতো না। এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘৯ বার না দুইবার, সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো, তার ওপরে হামলা হবে কেন? আমি বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। বিশ্ববিদ্যালয়ের যখন প্রয়োজন হয়, প্রক্টর  বা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন, তখনই তারা যায়। কাজেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই  কার্যকর ভূমিকা রাখে।’

তিনি আরো বলেন, “আমার নিজেরই প্রশ্ন, নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে, আপনারা যদি এটির কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। তবে নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখব।”