একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন শুরু ৯ জানুয়ারি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৭

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন বসছে আগামী ৯ জানুয়ারি। এটি শীতকালীন অধিবেশন নামেও পরিচিত। ঐ দিন বিকাল ৪টায় সংসদের অধিবেশন বসবে। এটা হবে নতুন বছরের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনের শুরুর দিনে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে মঙ্গলবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। ভাষণটি সরকারের মন্ত্রিপরিষদের অনুমোদনে করা হয়ে থাকে। অধিবেশন শুরুর দিন রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা হয়ে থাকে।

প্রসঙ্গত, সংসদের পঞ্চম অধিবেশন গত ১৪ নভেম্বর শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। সংসদের আসন্ন অধিবেশন কত দিন চলবে, এ বিষয়ে অধিবেশনের আগে অনুষ্ঠেয় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।