শিশুদের ওপর থেকে বইয়ের ভার কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিশুদের এই ভার থেকে মুক্ত করতে হবে। তারা যেন খেলাধুলা করতে পারে, সেই সুযোগ করে দিতে হবে। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেছেন, ‘পরীক্ষা নিতে নিতে শেষ করে দিচ্ছি বাচ্চাদের, খালি পরীক্ষা আর পরীক্ষা। প্রধানমন্ত্রী মনে করেন, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বর্তমানে যে পিইসি পরীক্ষা নেওয়া হয়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরাও বিভক্ত। পিইসি পরীক্ষা থাকবে কি না, তা পর্যবেক্ষণে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে এ বিষয়ে আরো নতুন নতুন চিন্তাভাবনা করার জন্য।’
গতকাল একনেক সভায় ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকা ব্যয় সংবলিত ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৩৬৬ কোটি ১২ লাখ টাকা এবং সংস্থার (সিলেট সিটি করপোরেশন) নিজস্ব অর্থায়ন ২৪৫ কোটি ৫০ লাখ টাকা।
সভায় সভারের চামড়া শিল্পনগরীর চতুর্থ সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাথমিকভাবে ১৭৫ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০০৩ সালে কাজ শুরু হয়। পরে তিনবার সংশোধন করে ১ হাজার ৭৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের (২০১৯) জুন মেয়াদে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। গতকাল ব্যয় কিছুটা কমিয়ে ১ হাজার ১৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে আরো এক বছর মেয়াদ বৃদ্ধি করা হলো। প্রকল্পের বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, হাজারীবাগে যখন সব চামড়ার কারখানা ছিল, তাদের পাশে কিছু লোক ছিল, যারা হাড়গোড় দিয়ে বাইপ্রোডাক্ট শিল্প বানাত। প্রধানমন্ত্রী বলেছেন, বাইপ্রোডাক্ট শিল্পের জন্যও সাভারে ব্যবস্থা করা উচিত। বিসিক কর্তৃপক্ষ ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতিমধ্যে জায়গা চিহ্নিত করেছে।
একনেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হলো :৩৯২ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প, ৪০১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প, ১ হাজার ২২৮ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প, ৬০ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ১ হাজার ১৫২ কোটি টাকা ব্যয়ে ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্প, ১৫৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসির জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ প্রকল্প, ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রকল্প এবং ৯৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে হাওর এলাকার নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন প্রকল্প।
