গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফাতেমা বেগম (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার দুই শাশুড়িকে গতকাল মঙ্গলবার আটক করেছে পুলিশ। নিহত ফাতেমা বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও একই উপজেলার আখিরা ফতেপুর গ্রামের রহিম উদ্দিনের মেয়ে।
আটককৃতরা হলেন: গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের তারা মিয়ার প্রথম স্ত্রী কাইফা বেগম (৫০) ও দ্বিতীয় স্ত্রী কোহিনুর বেগম (৪০)।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, স্বামী আশরাফুল ও তার পরিবারের লোকজন ফাতেমা বেগমকে গত সোমবার গভীর রাতের কোনো এক সময়ে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। সকালে প্রতিবেশীরা লাশ পড়ে থাকতে দেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেয়। গতকাল দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
ফাতেমার বাবা রহিম উদ্দিন জানান, তার মেয়েকে আশরাফুল কয়েক দিন আগে বাজার থেকে একটি কালো সোয়েটার এনে দেয়। কিন্তু ফাতেমা কালো সোয়েটারটি নিতে না চাইলে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এরই জের ধরে ফাতেমাকে আশরাফুল ও তার পরিবারের অন্য সদস্যরা পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান বলেন, ফাতেমার নাক ও মুখে রক্ত এবং গলায় ক্ষতচিহ্ন ছিল। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
