রাজশাহী রয়্যালসের জয়ে শেষ হলো বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব। সাগরিকার উইকেটে রান উত্সব করেছেন ব্যাটসম্যানরা। আন্দ্রে ফ্লেচারের পর গতকাল আসরের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান ডেউইড মালান। যদিও তার সেঞ্চুরিতেও শেষ রক্ষা হয়নি কুমিল্লার। গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে আফিফ হোসেনের ব্যাটিং ঝলকে আসা হাফ সেঞ্চুরিতে রাজশাহী ৭ উইকেটে পরাজিত করেছে কুমিল্লাকে। পাঁচ ম্যাচে রাজশাহীর এটি চতুর্থ জয়। আর ছয় ম্যাচে কুমিল্লার চতুর্থ হার।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে মালানের সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়েছিল কুমিল্লা। একপ্রান্ত আগলে ওপেনিংয়ে নেমে মালান ৫৪ বলে অপরাজিত ১০০ রান (৯ চার, ৫ ছয়) করেছিলেন। কিন্তু অপর প্রান্তে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। সৌম্য ২০, শানাকা ১১, রাজাপাকসে ১০ রান করেন। রাজশাহীর পক্ষে এদিন বোলিং করেছেন ৯ জন। আন্দ্রে রাসেল, মোহাম্মদ ইরফান, আবু জায়েদ রাহী ২টি করে উইকেট নেন।
জবাবে ১৭.৫ ওভারে ৩ উইকেটে ১৭১ রান তুলে ম্যাচ জিতে নেয় রাজশাহী। আফিফ ৫৩ বলে ৭৬ রান (৮ চার, ২ ছয়) করেন। লিটন ২৭, রবি বোপারা অপরাজিত ৪০, আন্দ্রে রাসেল অপরাজিত ২১ রান করেন। কুমিল্লার পক্ষে আল-আমিন হোসেন ২টি উইকেট পান। এদিকে গতকাল দিনের প্রথম ম্যাচে সিলেট থান্ডারকে ৮ উইকেটে পরাজিত করেছে ঢাকা প্লাটুন।
