নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় অবৈধভাবে দোকান গড়ে ওঠায় ভোগান্তি পোহাচ্ছে লোকজন। এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না নাসিক ও পুলিশ প্রশাসন। নারায়ণগঞ্জ সদর থানা হতে মাত্র ১০০ গজ দূরে ১ নম্বর রেলগেট সংলগ্ন কালিরবাজার রেলওয়ে সুপার মার্কেট পর্যন্ত প্রায় ৪০টির মতো অবৈধ দোকান নির্মাণ করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
সরেজমিন দেখা যায়, ১ নম্বর রেলগেট থেকে শুরু করে রেলওয়ে সুপার মার্কেট পর্যন্ত রাস্তার পাশ দখল করে প্রায় ৪০টির মতো অবৈধ দোকান গড়ে উঠেছে। উক্ত দোকান থেকে প্রতিদিন প্রকারভেদে ১০০ থেকে শুরু করে ২০০ টাকা করে চাঁদা ওঠানো হচ্ছে। এছাড়া প্রতিটি দোকান থেকে সদর থানার কিছু পুলিশ নিয়মিত চাঁদা আদায় করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। নাসিকের রাস্তার মধ্যে এসব অবৈধ দোকান গড়ে ওঠায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তি পোহাচ্ছে এ রাস্তা দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা।
এ ব্যাপারে নাসিকের উচ্ছেদ কর্মকর্তা হিরন জানান, এই দোকান গড়ে ওঠার বিষয়ে কিছু জানেন না তারা। তবে তিনি আশ্বস্ত করেন অতি শিগিগরই অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান উচ্ছেদে অভিযান চালানো হবে। এ বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস জানান, পর্যায়ক্রমে এগুলো উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মোবাইল ফোনে জানান, আমি বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখছি। আমাদের কোনো পুলিশ সদস্য যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
