জন্মদিনে রঙিন বেশে মঞ্চে আসছেন মাসুম রেজা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:২৬

আজ ২৫ ডিসেম্বর। পৌষ মাসের এই দিনটিতে কুষ্টিয়া শহরের পুরাতন কাটাইখানা মোড় এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন দেশের প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। জীবনের পুরোটা সময় মঞ্চ নাটক নিয়ে থাকলেও বেশিরভাগ সময় কেটেছে মঞ্চের পেছনে। এবার জন্মদিনে উনাকে দেখা যাবে মঞ্চের অগ্রভাগে। তার রচিত ও নির্দেশিত নিত্যপুরাণ নাটকে দ্রোণাচার্য চরিত্রে অভিনয় করবেন ভক্তকূল ও দেশ নাটকের সহকর্মীদের অনুরোধে। এসব বিষয়ে কথা হয় দৈনিক ইত্তেফাকের সঙ্গে।

 

প্রশ্ন: জন্মদিনে সাধারণত দুইটা ঘটনা ঘটে। একদিকে নতুন বছরে পদার্পণের আনন্দ, অন্যদিকে একটা বছর ফুরিয়ে যাওয়ার যন্ত্রণা। আপনি জন্মদিনকে কিভাবে দেখেন?

মাসুম রেজা: এই দিনটাকে সবসময়ই বিশেষভাবে দেখি। কারণ এই দিনটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে, তোমার জীবন থেকে চলে গেল একটা বছর। বাকি যে সময় আছে সেই সময়ে জীবন রাঙাও সেই রঙে, যে রঙ এখনো লাগাতে পারোনি তোমার জীবনে।

 

এবার জন্মদিনে আপনি তো মঞ্চে অভিনয় করবেন। কেন?

মাসুম রেজা: প্রথম প্রশ্নের উত্তরের সঙ্গে মিল রেখে বলতে হয়, নিজেকে নতুন রঙে রাঙানো। এদিন চেহারা ও চুলে রঙ মেখে মঞ্চে উঠবো নিত্যপুরাণ নাটকে। এটা খুবই উপভোগ্য হবে আমার কাছে।

 

বিশেষ কাউকে স্মরণ করেন এই দিনে?
মাসুম রেজা: এইদিনে আমার আব্বাকে খুব মনে পড়ে। ২৫ ডিসেম্বর আমার ও যিশুখৃষ্টের জন্মদিন। আমাদের ৮ ভাইবোনের মধ্যে আমার জন্মদিনটি অবশ্যই বিশেষভাবে পালন করতেন আব্বা।

 

আমরা কী আপনাকে নিয়মিত অভিনেতা হিসেবে পাচ্ছি?

নিয়মিত অভিনয় করার কোনো ইচ্ছে নেই। আবারো হয়তো দুই যুগ পর কাজ করবো। আমি প্রায় ৩০টি মঞ্চনাটকে অভিনয় করেছি। কিন্তু যখন মনে হলো আমার দ্বারা অভিনয় হবে না তখন অভিনয় থেকে সরে এলাম।

 

আপনার নতুন নাটক ‘জলবাসর’-এর মহড়া চলছে। এ প্রসঙ্গে জানতে চাই—

এটি আমার ভিন্ন ধরনের একটি নাটক। সাধারণত আমার নাকটগুলো সংলাপ নির্ভর হয়। এই নাটকটি সেই জায়গা থেকে ভিন্ন। এখনো নাটকটির ধরন ঠিক করতে পারিনি। মহড়া চলছে, তবে মঞ্চায়নের সময় এখনো ঠিক করা হয়নি।

 

ইত্তেফাক/এএম