‘অনুষ্ঠান ও নাটকে বেশকিছু পরিবর্তন আসবে:আহসান কবির

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩৭

বিনোদন রিপোর্ট

 

বৈশাখী টেলিভিশন ১৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামীকাল। ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় এই চ্যানেলটির। নতুন বছরে পা রাখার গৌরবময় সময়টাকে স্মরণীয় করে রাখতে আগামীকাল বৈশাখীর পর্দা সাজানো হয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান দিয়ে। সকাল ১১টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হবে বর্ষপূর্তি উদযাপন। বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৫টি বছর পেরিয়ে আসা একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘপথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন, এখনও যারা আছেন তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকদের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকদের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ দর্শকদের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না। ভবিষ্যতেও বৈশাখী টেলিভিশন সব শ্রেণির দর্শকের কথা মাথায় রেখে আরো নতুন নতুন অনুষ্ঠান এবং বরাবরের মতো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে। ১৫ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখীর পর্দায় যে আয়োজন থাকছে তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।’ অনুষ্ঠান প্রধান আহসান কবির বলেন, ‘প্রতিবছরই নতুন বেশকিছু পরিকল্পনা যুক্ত হয় নতুন বছরের পথচলায়। এবারো অনুষ্ঠান ও নাটকে বেশকিছু পরিবর্তন থাকবে। এরমধ্যে শিশুদের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে বেশি। বেশ কয়েকটি কার্টুন আমরা প্রচার করবো। এরইমধ্যে একটি প্রচার শুরু হয়েছে।’