বিনোদন রিপোর্ট
গানের বাজার থেকে ‘অডিও’ শব্দটা এখন শুধু ডিকশনারির পাতায় রয়েছে। গান মানে এখন সঙ্গে ভিডিও। গত কয়েকবছর ধরেই মিউজিক ভিডিও নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। অবস্থা অনেকটা প্রতিযোগিতা করার মতো। কে কার চেয়ে বেশি বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ করতে পারেন। সেই তালিকায় রয়েছে সংগীতশিল্পী ধ্রুব গুহের ইউটিউব চ্যানেল ‘ধ্রুব মিউজিক স্টেশন’। এ বছর তারা প্রায় ১০০টি মিউজিক ভিডিও প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেলে। যেখানে নতুনদের সঙ্গে রয়েছে পুরনো অনেক সংগীতশিল্পী। কয়েক মাস আগে কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লার একটি গান প্রকাশ হয়েছে এই চ্যানেলে। প্রাপ্তির জায়গা অনেক থাকলেও এখন প্রায় সব সংগীতশিল্পী বা সংশ্লিষ্টরা বলছেন মিউজিক ভিডিওতে যে অর্থ খরচ করা হচ্ছে সেই লগ্নি উঠে আসছে না। তাই সবাই মিউজিক ভিডিও নিয়ে ভিন্ন পরিকল্পনা করছেন। ধ্রুব গুহ এ প্রসঙ্গে বলেন, ‘এটি খুব সত্য কথা যে, মিউজিক ভিডিওগুলো আমরা যে প্রত্যাশা নিয়ে করেছি সেটি আমাদের আশানুরূপ হয়নি। কিন্তু গান প্রকাশের মাধ্যম এখন মিউজিক ভিডিও হয়েছে গেছে। তাই গানের ওপর জোর দিয়ে একটি মিউজিক ভিডিও করবো। যেখানে শুধুমাত্র গানকে তুলে ধরা হবে।’
সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ইউটিউব চ্যানেলে এখন গানের পাশাপাশি নাটকও প্রচার হচ্ছে। এ বছর সেই সংখ্যাটা আরো বেড়েছে। ‘ধ্রুব মিউজিক স্টেশন’-এও অনেকগুলো নাটক প্রচার হয়েছে। এরমধ্যে সম্প্রতি শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট ২’। নাটকটি অনেক জনপ্রিয়তা পেলেও রয়েছে বিতর্ক। সংলাপের দুর্বলতা ও বিপ ব্যবহার করা নিয়ে সমালোচনা হয়েছে। চ্যানেলের কর্ণধার হিসেবে এ প্রসঙ্গে ধ্রুব আরো বলেন, ‘সরাসরি একটি কথা বলি, মিউজিক ভিডিওর চেয়ে নাটক কন্টেন্ট হিসেবে লাভজনক। যেহেতু মিউজিক ভিডিও দিয়ে আমি আয় করতে পারছি না। তাই আমাকে বিকল্পভাবে চিন্তা করতে হচ্ছে। তবে সেই অর্থ আমরা গানের জন্যই খরচ করছি। আর ব্যাচেলর পয়েন্ট ২ নিয়ে যে অভিযোগগুলো রয়েছে, আমরা আশা করবো এই বিষয়ে সামনে আরো নজর রাখতে। মানসম্পন্ন কাজের সঙ্গেই থাকতে চাই।’
