‘কর্ণাটকে ডিটেনশন কেন্দ্র নেই’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৪

 এনডিটিভি

ভারতের কর্ণাটকে কোনো ডিটেনশন কেন্দ্র নেই বলে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত সোন্দেকোপ্পা গ্রামে অবস্থিত বিতর্কিত কেন্দ্রটি মাদক পাচারে ধৃত আফ্রিকানদের রাখার জন্য বলে মঙ্গলবার সাংবাদিকদের জানান তিনি।

তিনি বলেন, ‘এটা ডিটেনশন কেন্দ্র নয়। কাউকে নাগরিকত্ব ইস্যুতে আটক রাখার কোনো উদ্দেশ্যই নেই এখানে।’ কীভাবে এই কেন্দ্র চালানো হয়, সে সম্পর্কে তার কোনো ধারণা নেই বলেও জানান বাসবরাজ বোম্মাই। বাসবরাজ বোম্মাই এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশে কোনো ডিটেনশন কেন্দ্র নেই, একথা জানানোর কয়েক দিনের মধ্যেই। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য জানিয়েছেন, আসামে একটি ডিটেনশন কেন্দ্র রয়েছে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য এবং সেটি রয়েছে বহু বছর ধরে।

বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, ঐ কেন্দ্র তৈরি করেছে সমাজকল্যাণ দপ্তর। অন্তত তার জানা নেই, এটি শুরু হয়েছে বলে। তিনি মন্তব্য করেন, ‘যদি এটি চালু থাকত, তাহলে বন্দিরা এখানে থাকত। কিন্তু কেউ নেই।’ তিনি বলেন, এটি ডিটেনশন কেন্দ্র নয়। নাগরিকত্ব ইস্যুতে বন্দি কাউকে এখানে রাখার কোনো পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, ‘এটা কেবল ওদের (আফ্রিকান ব্যক্তিদের) এখানে রাখার জন্য এবং এখান থেকে ওদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য।’ তিনি অভিযোগ জানান, আইনশৃঙ্খলার অবনতি এখানে খুব বড়ো একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঐ কেন্দ্র ২০ বছরের পুরোনো একটি বাড়ি। কয়েকশ বর্গফুটের ঐ বাড়ি এর আগে হোস্টেল বিল্ডিং হিসেবে পরিচিত ছিল। বাড়িটির মধ্যে ঘর, শৌচাগার, রান্নাঘর রয়েছে।