রয়টার্স
স্পেনে একটি অবকাশ যাপন কেন্দ্রের সুইমিং পুলে ডুবে এক ব্রিটিশ পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ছুটি কাটাতে স্পেনের কোস্টা ডেল রিসোর্টে ছিলেন তারা। সেখানেই বড়দিনের প্রাক্কালে মঙ্গলবার ফুয়েঙ্গিরোলা শহরের কাছে ক্লাব লা কস্তা ওয়ার্ল্ডের সুইমিংপুলে বাবা এবং দুই সন্তানের মৃতদেহ পাওয়া যায়। খবরে জানা গেছে, প্রথমে ওই পরিবারের নয় বছর বয়সী মেয়ে সুইমিংপুলে নেমে সমস্যায় পড়ে। এ সময় তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন তার ভাই এবং বাবা দুজনেই। কিন্তু শেষ পর্যন্ত তিন জনই মারা যান। বিকালে পুলিশ একটি ফোন কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন জনের মৃতদেহ উদ্ধার করেছে বলে টুইটারে জানিয়েছে স্পেনের দক্ষিণ উপকূল অঞ্চল আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার।
পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। নিহত সন্তানদের মা-ই পুলিশকে খবর দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে। ক্লাব লা কস্তা ওয়ার্ল্ড রিসোর্টের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মর্মান্তিক এ ঘটনার জন্য পরিবারটির প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং মৃত্যুর ঘটনা তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।
