বুরকিনা ফাসোতে সেনাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে নিহত ১২২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

 রয়টার্স ও আল জাজিরা

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ৩১ নারীসহ কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাত সেনা ও ৮০ জঙ্গি রয়েছে।

উত্তরাঞ্চলীয় সউম প্রদেশের একটি সামরিক ফাঁড়িতে মঙ্গলবার সকালে এ হামলা করা হয়। সেনাবাহিনী হামলা প্রতিহত করতে গেলে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। সেনারা জঙ্গিদের প্রতিহত করেছে এবং তাদের কাছ থেকে বিপুল অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বুরকিনা ফাসোর সেনাবাহিনী। আলাদা এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ‘জঙ্গিরা পালিয়ে যাওয়ার সময় ৩১ নারীসহ ৩৫ জনকে হত্যা করেছে। ছয় জন আহতও হয়েছে।’ মঙ্গলবারের হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে বুরকিনা ফাসোর ধর্মীয় সহিংসতা ও হামলার জন্য জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র বিদ্রোহী ও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়।

গত পাঁচ বছর ধরে যে সহিংসতা চলছে তার মধ্যে গতকালের হামলাটিকে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রক মার্ক কাবোরে হামলা নিয়ে বলেছেন, ‘আমাদের সেনাদের বীরোচিত পদক্ষেপের কারণে ৮০ সন্ত্রাসীকে ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে। তবে এই বর্বর হামলার কারণে ৩৫ জন বেসামরিক নাগরিককে প্রাণ দিতে হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই নারী।’ তিনি এ ঘটনায় দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

বুরকিনা ফাসোর মালি সীমান্তবর্তী সাহেল অঞ্চল একসময় শান্ত থাকলেও দেশে বিদ্রোহী তত্পরতা মাথাচাড়া দিয়ে ওঠার পাশাপাশি গত কয়েক বছরে প্রতিবেশী মালিতে ইসলামি জঙ্গিবাদ ছড়িয়ে পড়ায় অঞ্চলটি অশান্ত হয়ে উঠেছে। এ মাসের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলে একটি গির্জায় বন্দুকধারীরা গুলি চালালে অন্তত ১৪ জন নিহত হয়। ২০১৫ সাল থেকে দেশটিতে জঙ্গি হামলা বেড়েছে।