নানা আয়োজনে বিভিন্ন স্থানে বড়দিন পালিত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৮

ইত্তেফাক ডেস্ক

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড়ো ধর্মীয় উত্সব শুভ বড়দিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন চার্চে চলে বিশেষ প্রার্থনা। নারী-পুরুষরা অংশ নেয় প্রার্থনায়। দিনটি ঘিরে চার্চগুলো সেজেছিল বর্ণিল সাজে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর ঃ

সিলেট :নয়াসড়কের গির্জায় সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চের আয়োজনে পালিত হয় বড়দিন। সকাল সাড়ে ১১টায় দিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন কেক কেটে শুভ বড়দিন উদযাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হকসহ বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ। জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সাজানো হয়েছে সবকটি গির্জা। তাছাড়া গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। সিলেট নয়াসড়কের গির্জায় উত্সবের আমেজে পালিত হচ্ছে বড়দিন। ক্যারলস গানের (নগর সংগীত) মাধ্যমে সিলেট প্রেসব্রিটারিয়ান চার্চে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় চার্চে আগত সকলের উদ্দেশ্যে ধর্মবাণী শোনান প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ডিকন নিঝুম সাংমা। সকাল সাড়ে ১০টায় বিশ্ব শান্তি ও সব ধর্মের মানুষের মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় সম্প্রীতি প্রার্থনা।

রাঙ্গামাটি : কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের আয়োজনে খ্রিস্টিয়ান হাসপাতালের অডিটরিয়ামে প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দীপংকর তালুকদার এমপি। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী), চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি বিপ্লব মারমাসহ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা উপস্থিত ছিলেন। পরে সমবেত প্রার্থনা ও খ্রিস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের পালক রেবারেন্ড সখরীয়া বৈরাগী।এদিকে, শুভ বড়দিন উপলক্ষ্যে চন্দ্রঘোনা খ্রিস্টান পল্লিগুলো সেজেছে অপরূপ সাজে। বর্ণিল আলোয় আলোকিত হয়েছে সমস্ত খিস্টান পল্লি। পিঠা, পায়েস, কেকসহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হচ্ছে প্রতিটি ঘরে।

সুনামগঞ্জ :সকালে পৌর শহরের বিহারী পয়েন্ট এলাকায় সুনামগঞ্জ প্রেসবিটারীয়ান গীর্জায় প্রার্থনার মধ্যদিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান। পরে যিশুখ্রিস্টের জীবনধর্ম আর বড়দিনের মাহাত্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ, বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল চন্দ, সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান গির্জার সভাপতি ন্যাথানেল এডইউন ফেয়ারক্রস, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী খ্রিস্টান ধর্মাবলম্বীর লোকজন। পরে বড়দিনের কেক কাটার মধ্য দিয়ে উত্সবের আনন্দ উদ্যাপন করেন আগত অতিথি ও খ্রিষ্টান ধর্মাবলম্বীর নারী-পুরুষ ও শিশুরা।

কমলগঞ্জ (মৌলভীবাজার) :পুলিশ সুপার পক্ষ থেকে কমলগঞ্জের ১৫টি গীর্জায় শুভেচ্ছা স্বরূপ কেক প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশে একটি দল মাগুরছড়া খাসিয়া পুঞ্জিতে উপস্থিত হয়ে বড়দিনের শুভেচ্ছা জানান। বুধবার সকাল ১০টায় কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, এসআই আনজির হোসেন, এসআই বেলায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা-বাগানস্থ নাজারাত ব্যাপ্পিস্ট চার্চে গিয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে কেক প্রদান করেন। এ সময় ধর্মীয় আলোচনা শেষে শুভেচ্ছা বক্তব্য শেষে কেক কাটেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী, চার্চের পালক জোশেফ রাল্ফসহ অতিথিবৃন্দ।

মিরসরাই (চট্টগ্রাম) :বুধবার উপজেলার গোবিন্দপুর ব্যাপটিস্ট চার্চ, নলখো ব্যাপটিস্ট চার্চ, কয়লা ব্যাপটিস্ট চার্চ, গোলছড়ি ব্যাপটিস্ট চার্চ, পশ্চিম সোনাই ব্যাপটিস্ট চার্চ, কালাপানি ব্যাপটিস্ট চার্চ, উত্তর তালবাড়িয়া ব্যাপটিস্ট চার্চ ও মগপাথর ব্যাপটিস্ট চার্চে খ্রিস্ট ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। চার্চগুলোর অনুষ্ঠানমালার মধ্যে ছিল, পবিত্র বাইবেল পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত প্রার্থনা, খ্রিস্টের গুণ কীর্তন। এছাড়াও বড়দিন উপলক্ষ্যে চার্চগুলোতে প্রীতি ভোজের আয়োজন করা হয়।

নোয়াখালী :পৌরসভার সোনাপুরের লুদের রানি গির্জাকে ঘিরে পৌরসভা ও সদর উপজেলার সোনাপুর, লালপুর, দেবিপুর, পশ্চিম বদরিপুর, উত্তর লক্ষ্মীপুর, গোপাই, জালিয়াল ও এওজবালিয়া গ্রামের তিন শতাধিক খ্রিষ্টান পরিবার এ বড়দিনের উত্সবে মেতে উঠে। মঙ্গলবার রাত ও গতকাল বুধবার ধর্মীয়ভাবে খ্রিষ্টযাক উদ্যাপন, ধর্মীয় শ্রদ্ধা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন লুদের রানি গির্জার প্রধান পুরোহিত ফাদার লিন্টু এ রয়।

জয়পুরহাট : নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে বড়দিন। দিবসটি উপলক্ষ্যে জেলা শহরের খনজনপুরে খ্রিস্টীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার পরিচালনা করেন খনজনপুর খ্রিস্টীয়মন্ডলীর সভাপতি ও পালক রেভারেন্ট দীপ্তি দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রিস্টীয়মন্ডলীর সম্পাদক বিমল তপ্ন।

মাগুরা: সকালে শহরের দোয়ারপাড় গীর্জায় বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ। এছাড়া জেলার বিভিন্ন গীর্জায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় । 

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ তাড়াশে ধর্মপল্লি গুল্টা ক্যাথলিক মিশনে নাচ, গানসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে যিশু খ্রিস্টের জন্মদিনের উত্সব বড়দিন পালিত হয়েছে। গুল্টা ক্যাথলিক মিশনের সভাপতি নিখিল খাঁর সভাপতিত্বে বড়দিন উত্সব পালন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ।

কুমিল্লা : নগরীর আওয়ার লেডি অব ফাতিমা ক্যাথলিক চার্চে আনন্দ উত্সব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। দুপুর ১২টায় নগরীর বাদুরতলা এলাকায় রিভাইভ্যাল ব্যাপ্টিস্ট চার্চে কেক কেটে দিবসটি উদ্যাপন করেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামের ২৫টি গ্রামে বসবাসরত খ্রিস্টান অধিবাসীরা ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বড়দিন পালন করেছেন। সকাল ৭টায় বনপাড়া ধর্মপল্লির প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রিবেরুর পরিচালনায় খ্রিষ্টযাগের মধ্য দিয়ে বড়দিনের অনুষ্ঠান শুরু হয়।

নিয়ামতপুর (নওগাঁ) : বড়দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুব সমাজের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। চন্ডিপুর চার্চের সভাপতি শ্যামল মার্ডির সভাপতিত্বে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটু।

মির্জাপুর (টাঙ্গাইল) : কুমুদিনী কমপ্লেক্স নার্সিং স্কুল অ্যান্ড বিএসসি নার্সিং কলেজে ছাত্রীরা খ্রিস্টমাস সাজানো, আলোচনা সভা, নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমুদিনী কমপ্লেক্সের মীর্জা হলে এ অনুষ্ঠান হয়।

কালীগঞ্জ (ঝিনাইদহ) : কেক কাটা, আলোচনা সভা ও প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সব থেকে বড়ো ধর্মীয় উত্সব শুভ বড়দিন। কালীগঞ্জ ব্যাপ্টিষ্ট চার্চে আলোচনা সভায় চার্চের পালক রেভারেন্ট হেনরী প্রদীপ বৈদ্য, সম্পাদক অমিত বিশ্বাসসহ বিপুলসংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।