সেতুতে ঠেকনা চলছে যানবাহন!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:১৯

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়নের মনিরপুরে ফাটল ধরা সড়ক সেতুর নিচে কয়েকটি গাছের গুঁড়ি পুঁতে ঠেকনা দিয়ে ঝুঁকিতে যানবাহন পারাপার করানো হচ্ছে। উল্লাপাড়া-শাহজাদপুর-কামারখন্দ উপজেলার লক্ষাধিক মানুষের চলাচল এই সেতুটি দিয়ে।

সরেজমিনে দেখা গেছে, এই অবস্থায় রিকশা-ভ্যানসহ মিনিবাস ও ছোটো ট্রাক চালানো হচ্ছে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে।

সম্প্রতি পুরোনো ও ক্ষতিগ্রস্ত এই সড়ক সেতুটির ওপর দিয়ে  ১০ চাকার একটি মালবাহী ট্রাক যাবার সময় সেতুর মাঝখানে ভেঙে বড়ো ফাটলের সৃষ্টি হয়।  এরপর থেকেই এই পথে সড়ক ও জনপথ বিভাগ ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় দুই বছর আগে এই সড়ক সেতুর দুই পাশের গাইড ওয়াল ভেঙে যায়। সেই সঙ্গে এর ওপরের পাটাতন বেশ কয়েক ইঞ্চি দেবে যায়। ফলে সড়ক সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু এই ঝুঁকিপূর্ণ সড়ক সেতুর ওপর দিয়েই চলাচল করত ভারী যানবাহন। কর্তৃপক্ষ এখানে ভারী যানবাহন না চালানোর জন্য একটি সতর্কীকরণ নোটিশ ঝুলিয়ে দিলেও তা কোনো কাজে আসেনি।

উল্লাপাড়া-শাহজাদপুর-কামারখন্দ রাস্তা হয়ে এ অঞ্চলের তিনটি উপজেলার মানুষ সিরাজগঞ্জ জেলা শহরে প্রতিদিন যাতায়াত করে থাকেন। ব্যবসায়ীরা পরিবহন করেন মালামাল। স্থানীয়রা অনেক আগেই ক্ষতিগ্রস্ত এই সড়ক সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগের কাছে আবেদন জানিয়ে ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগের উল্লাপাড়া উপবিভাগীয় প্রকৌশলীর কার্যালয় থেকে ১৮ ডিসেম্বর এই সেতুর নিচে কয়েকটি গাছের গুঁড়ি পুঁতে ঠেকনা দিয়ে হালকা যানবাহন পারাপারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, গাছের গুঁড়ি পুঁতে এই সড়ক সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করানো রীতিমতো ঝুঁকির ব্যাপার। অবিলম্বে এই আঞ্চলিক সড়কে ভাঙা সড়ক সেতুর পাশে বিকল্প রাস্তা তৈরি করে এখানে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মনে করেন।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দু্ই-একদিনের মধ্যে ঐ সড়ক সেতুর পাশে বিকল্প রাস্তা নির্মাণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে। তবে এই সড়ক সেতুটি পুনর্নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। কিছুদিনের মধ্যেই নতুন সেতুর নির্মাণকাজ শুরু হবে।