পিরোজপুরে বিপুল বিদেশি পণ্য জব্দ, আটক চার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২০

পিরোজপুর অফিস

পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকা থেকে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রলার আটক করেছে জেলা ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোর ৪ টায় পিরোজপুরের ডিবি পুলিশ এসব পণ্য আটক করে। এ সময় ট্রলার থেকে আনুমানিক দেড় কোটি  টাকার ৬০ বস্তা ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শীতের চাদর উদ্ধারসহ চার জন চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— জামাল গোলদার (৫০), সেলিম (৫৬),  সুরুজ (২৫) ও জুয়েল (২৫)।

উদ্ধারকৃত পণ্যের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান। পুলিশ সুপার বলেন, পিরোজপুরসহ এ অঞ্চলের নদীপথে ভারতীয় পণ্যের চোরাচালান বৃদ্ধির খবরে পুলিশ অভিযান চালিয়ে পণ্য উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করেছে। আটককৃত পণ্য ভারতীয় বলে জানিয়ে তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে এসব পণ্য নৌযান থেকে নামিয়ে সড়ক পথে ঢাকা নেওয়া হতো।