নতুন বইয়ের অপেক্ষায় বেতাগীর শিক্ষার্থীরা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:২১

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বছরের প্রথম দিনে নতুন বই পাওয়ার প্রত্যাশায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে আনন্দ বইছে। বই বিতরণের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর। জানা গেছে, এ উপজেলায় ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, আটটি কিন্ডার গার্টেন স্কুল, ২৪টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টি দাখিল ও ইবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মাঝে ৮০ হাজার ৭১৩টি এবং মাধ্যমিক পর্যায়ে  স্কুলে ১ লাখ ৪৮ হাজার ১৮০, দাখিল ও ইবতেদায়িতে ৭১ হাজার ৭৮৫টিসহ মোট ৩ লাখ ২১ হাজার ৩০৩টি বই বিতরণ করা হবে। বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, নতুন বই পাওয়ার আনন্দটাই অন্যরকম। উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, আগামী পহেলা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বই উত্সবের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই দেওয়া হবে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রাজীব আহসান বলেন, বিগত বছরের ন্যায় এবারেও আনুষ্ঠানিকভাবে বই উত্সব করার জন্য প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।