টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের রাজৈরে বাবার মৃত্যুবার্ষিকীর দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। বুধবার সকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবর্তী গ্রামের মৃত মজিদ ঘরামীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার বড়ো ছেলে ফারুক ঘরামী খাওয়া-দাওয়ার আয়োজন করে। কিন্তু বিপত্তি বাধে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে আপন দুই ভাই ফারুক ঘরামী ও খায়রুল ঘরামীর মধ্যে। এরই জের ধরে একপর্যায়ে আপন ওই দুই ভাইয়ের লোকজনের মঙ্গলবার কথা কাটাকাটি হয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে ।
