সহপাঠী বন্ধু ফোরাম ৯৪
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল বুধবার সহপাঠী বন্ধু ফোরাম-৯৪-এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে পুনর্মিলনী ও শিক্ষক সম্মাননা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক মো. ছমিউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ ন ম বদরুদ্দোজা, অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আমির আহম্মদ চৌধুরী রোকন, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। মাহফুজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমীর কুমার দে, নজরুল ইসলাম, মাষ্টার রফিকুল ইসলাম, এনামুল হক, আক্তার কামাল, রিজোয়ানা কামাল লিজা প্রমুখ। পরে প্রধান অতিথি প্রাক্তন ১৫ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চন্দনাইশে এক রাতে ছয় গরু চুরি
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়ীয়ায় গত মঙ্গলবার দিবাগত রাতে ছয়টি গরু চুরি হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্তরা। জানা যায়, সংঘবদ্ধ চোরের দল ঐ দিন রাতে টাকখাইয়্যাবাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে নুরুন্নবীর দুটি, আলী নবীর দুটি, এয়াকুব নবীর দুটি গরু চুরি করে নিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদুল আলম সবুজ চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
