বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট তালিকার তলানিতে আছে রংপুর রেঞ্জার্স। পাঁচ ম্যাচ খেলে একটি মাত্র জয় পেয়েছে দলটি। তার পরও বিপিএলে প্লে-অফ খেলার আশা ছাড়েনি রংপুর। আজই রংপুর শিবিরে যোগ দেওয়ার কথা অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসনের। টি-টোয়েন্টির বিশেষজ্ঞ এই ক্রিকেটারের মধ্যেই জ্বলে ওঠার রসদ খুঁজছে রংপুর। ঢাকায় আগামীকাল শুরু হতে যাওয়া বিপিএলের তৃতীয় পর্বে খেলার কথা ওয়াটসনের। অভিজ্ঞ এই অস্ট্রেলিয়ানের হাত ধরে ঘুরে দাঁড়াবে রংপুর। গতকাল এমনটাই বলেছেন দলটির আফগান উইকেটকিপার মোহাম্মদ শাহজাদ। বিসিবি একাডেমিতে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের বড়ো নাম শেন ওয়াটসন। সে যখন দলের সঙ্গে যুক্ত হবে, তখন আমাদের শক্তিটা আরো বেড়ে যাবে। তার সংযুক্তি দলকে সাহস জোগাবে, একজন নেতা হিসেবেও সে অতুলনীয়।’
