অস্ট্রেলিয়ার জয় নাকি নিউজিল্যান্ডের সমতা!

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে বক্সিং ডে টেস্টে সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। তবে সিরিজ বাঁচাতে বক্সিং ডে টেস্টে জয় ছাড়াই অন্য কিছুই ভাবছে না নিউজিল্যান্ড। ইনজুরির কারণে প্রথম টেস্টে না পেলেও দ্বিতীয় ম্যাচে পেসার ট্রেন্ট বোল্টকে পেয়ে উচ্ছ্বসিত কিউইরা। তাই সিরিজে সমতা আনার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড। আজ মেলবোর্নে বক্সিং ডে টেস্টটি শুরু হবে ভোর ৬টায়।

বক্সিং ডে টেস্টে বোল্টের দিকেই চেয়ে আছে নিউজিল্যান্ড শিবির। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে পার্থে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। ৩০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্যে বোল্টকে দলে পেতে আশাবাদী নিউজিল্যান্ড।

দলে ফিরতে ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করেছে বোল্ট। এমনকি ম্যাচের আগে নেটে কঠোর অনুশীলনের মাধ্যমে ম্যাচের জন্য নিজেকে ফিট করে তুলেছেন তিনি। বর্ষপঞ্জির অন্যতম জনপ্রিয় তারিখে দলের হয়ে টেস্ট খেলার ব্যাপারে আশাবাদী বোল্ট।

১ লাখ ধারণক্ষমতা সম্পন্ন মেলবোর্নের বিশেষ বক্সিং ডে টেস্টের আগে রিপোর্টসকে বোল্ট বলেন, ‘আমি সত্যিই এ ম্যাচটি খেলতে চাই কেন না টেস্ট আঙ্গিনায় এ ম্যাচটির গুরুত্ব অনেক বেশি। এটি এমন একটি জায়গা যেখানে খেলার জন্য সকলেরই স্বপ্ন থাকে। এটি আমার জন্য ভালো সুযোগ। তাই এই ম্যাচটি দিকে আমি চেয়ে আছি। আমি যদি পুরোপুরি ফিট থাকি এবং নিজেকে ভালোভাবে প্রস্তত করতে পারি, তাহলে এই ম্যাচটির জন্য অপেক্ষা করতে পারছি না।’

পার্থ টেস্টে ইনজুরিতে পড়েন অস্ট্রেলিয়ার পেস অ্যাটাকের অন্যতম ভরসা জশ হ্যাজেলউড। সর্বশেষ তিন টেস্টের মধ্যে দ্বিতীয়বারের মতো হ্যাজেলউডকে ছাড়া বক্সিং ডে টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। তাই হ্যাজেলউডের পরিবর্তে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের সঙ্গে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে থাকবেন জেমস প্যাটিনসন।

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘আমরা জানি, প্যাটিনসন দলে কি নিয়ে আসে। সে অনেক শক্তি-ভালো গতি এনেছে। মেলবোর্নে সে অনেক ম্যাচ খেলেছে।’

অ্যাশেজে ইংল্যান্ডের সঙ্গে ড্রর পর নিজেদের মাঠে তিন টেস্ট জিতে আত্মবিশ্বাসী হয়ে আছে অস্ট্রেলিয়া। তাই অসিদের থামাতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার জয়ে প্রধান ভূমিকা রাখেন পেসার স্টার্ক ও স্পিনার নাথান লিঁও। পাশাপাশি তিন নম্বরে ব্যাট হাতে চমক দেখিয়েছেন টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন সাব মার্নাস লাবুশেন। পার্থ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন লাবুশেন। টানা তিন সেঞ্চুরি ছিল সেটি। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি।

বক্সিং ডে টেস্টের আগে ডেভিড ওয়ার্নারকে নিয়ে আতঙ্ক ছড়িয়েছিল অস্ট্রেলিয়া শিবিরে। অনুশীলন চলাকালীন নেট সেশনে হাতে বলের আঘাত পান তিনি। পরবর্তীতে তার চিকিত্সার প্রয়োজন পড়ে। তবে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, বক্সিং ডে টেস্ট খেলার জন্য ওয়ার্নার ফিট ।

তিনি বলেন, ‘মাত্র দু’ সেকেন্ডের জন্য আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। এরপর চিকিত্সক দেখানোর পর আবারও ব্যাটিং শুরু করেন সে। এ টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত ওয়ার্নার।’ —বাসস