আসছে শীতকালীন দলবদলেই ফরোয়ার্ড এডিসন কাভানিকে দলে ভেড়াতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, নতুন চুক্তিটি হতে পারে আড়াই বছরের। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি কিছুই। পিএসজির হয়ে ছয় মৌসুম খেলে ১৩৬ গোল করা এই ফরোয়ার্ড নেইমারের প্যারিস যাত্রার পর থেকেই দলে গুরুত্ব হারাতে শুরু করেন। চলতি মৌসুমে মাউরো ইকার্দিও ফরাসি চ্যাম্পিয়নদের ডেরায় ভিড়লে জায়গাটা আরো সংকুচিত হয়ে যায় তার। এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদও চলতি মৌসুমে ভুগছে গোলখরায়। চলতি মৌসুমে ২৪ ম্যাচ খেলে দুই গোলের ব্যবধানে জিতেছে মোটে সাতটি ম্যাচ। ফলে কাভানিতেই আক্রমণভাগের সমস্যার সমাধান খুঁজছে ২০১৩-১৪ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা।
