লিভারপুলের ‘লেস্টার পরীক্ষা’ আজ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

স্পোর্টস ডেস্ক

ইউরোপের অন্য সব লিগেই লেগেছে বড়দিনের হাওয়া। ছুটির আমেজে অখণ্ড অবসর কাটাচ্ছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপে-সার্জিও রামোসরা। তবে সে ফুরসতটা ইংলিশ প্রিমিয়ার লিগে নেই। আজ বৃহসপতিবার বক্সিং ডে-তে আবারও মাঠে নামবে দলগুলো। এরমধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষাটা লিভারপুলের। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির বিপক্ষে খেলবে কোচ য়ুর্গেন ক্লপের শিষ্যরা।

গেলো বছরও বড়দিনের আগে সাত পয়েন্টের একটা বড়ো ব্যবধানে শিরোপাজয়ী সিটি থেকে এগিয়ে ছিল অল রেডরা। এরপর অধারাবাহিক পারফরম্যান্সের ফলে পয়েন্ট খোয়াতে খোয়াতে একটা সময় লিগটাই হাতছাড়া করে লিভারপুল। চলতি মৌসুমে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি থেকে এক ম্যাচ কম খেলে এগিয়ে আছে ১১ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা লেস্টারের সঙ্গে ব্যবধানটা ১০ পয়েন্টের।

গেলো মৌসুমে এগিয়ে থেকেও শিরোপা জিততে না পারাটাই হয়তো এবার নির্ভার হতে দিচ্ছে না লিভারপুলকে। তার ওপর ২০১৫-১৬ মৌসুমের শিরোপাজয়ীরা চলতি মৌসুমে নিজেদের মাঠে হারেনি এক ম্যাচও। লেস্টারের আতিথ্য নেবার আগে তাই লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার জানালেন শিরোপাজয়ের পথে বড়ো একটা পরীক্ষাই আজ অপেক্ষা করছে তাদের জন্যে।

এ পর্যন্ত ১৭ ম্যাচ খেলে ১৬টিতেই জয় তুলে নেওয়া লিভারপুলকে ইতিমধ্যেই শিরোপার জন্যে ফেভারিট ধরা হচ্ছে। ৩০ বছর পর আবারও লিগ জিতবে লিভারপুল, এমন ভবিষ্যদ্বানী সমর্থক-বিশেষজ্ঞদেরও।

তবে লিভারপুল গোলরক্ষক অ্যালিসন জানালেন মনোযোগটা লেস্টারেই রাখতে চায় তার দল, ‘প্রিমিয়ার লিগে আমাদের জন্য বেশ কঠিন একটা মুহূর্ত অপেক্ষা আর এ ম্যাচের জন্যে আপনাকে মনোযোগী হতে হবে। দূরের চিন্তা একপাশে সরিয়ে রাখতে হবে।’

ব্রাজিলীয় গোলরক্ষক আরো যোগ করেন, ‘সুযোগটা যেন হাত ফসকে বেরিয়ে না যায় সে জন্যে সামনে যা আছে তাতেই মনোযোগ দিতে হবে আপনাকে। প্রিমিয়ার লিগ জিততে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে আপনাকে। আমি মনে করি লেস্টার ম্যাচটাও তেমনই হবে।’

সাবেক প্রিমিয়ার লিগ জয়ী দলটিকে বেশ শ্রদ্ধাই করছেন লিভারপুল গোলরক্ষক। তিনি বলেন, ‘তাদের দলটা দারুণ। বেশ ভালো ছন্দে আছে তারা। মাঠে তাদের হারাতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে।’

আজ লেস্টারের বিপক্ষে খেলার পরে আগামী জানুয়ারিতে টটেনহ্যাম আর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলবে। আগামী মাসটায় উতরে গেলে শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে ক্লপের শিষ্যরা। অ্যালিসন বলেন, ‘এটা আমাদের জন্যে অনেক বড়ো ব্যাপার। আমরা জানি লিগ জেতাটা কত কঠিন। গেলো মৌসুমে আমরা মোটে এক পয়েন্ট পিছিয়ে ছিলাম! হ্যাঁ, এবার শিরোপা জেতার প্রাণপণ চেষ্টাটাই করব আমরা।’