পুরোনো ভুলের পুনরাবৃত্তি চায় না বার্সা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা চলতি বছরে লিগ শিরোপা ধরে রাখলেও বহুল আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ জিততে ব্যর্থ হয়েছিল। সেটাও সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে তিন গোলের অগ্রগামিতা খুইয়ে! এর আগের মৌসুমেও রোমার কাছে একইভাবে হেরে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় ঘণ্টা বেজে ছিল বার্সার। নতুন বছরে এমন ভুল আর করতে চান না বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।

সম্প্র্রতি বার্সেলোনা ওয়েবসাইটে এক সাক্ষাত্কারে ৫৫ বছর বয়সি ভালভেরদে জানান রোমার মাঠে তিন গোলের অগ্রগামিতা হারানোর ভয়টাই অ্যানফিল্ডে ফিরে এসেছিল খেলোয়াড়দের মনে। তিনি বলেন, ‘লিভারপুলের আগ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় পার করছিলাম। অ্যানফিল্ডে আমাদের সুযোগ ছিল। কিন্তু তারা দ্রুত গোল করে ফেললে রোমের দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তির দুশ্চিন্তা ফিরে আসে আমাদের মনে। দুর্বলতার সেই মুহূর্তের খেসারত আমরা দিয়েছি।’ সাবেক অ্যাথলেটিক বিলবাও মিডফিল্ডার ম্যাচটাকে বছরের সবচেয়ে বাজে মুহূর্তও আখ্যা দিলেন অকপটে।

সে ম্যাচের পরও গেল মৌসুমে দুটো শিরোপা জেতার সুযোগ ছিল কাতালানদের। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা কোপা দেল রের ফাইনালে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে একটা শিরোপা নিয়েই শেষ করে ২০১৮-১৯ মৌসুম। তবে স্প্যানিশ কোচের বিশ্বাস, সে ম্যাচটায় হেরে বিদায় না নিলে কোপা দেল রের জিততো বার্সেলোনা।

ভালভার্দের ভাষ্য, ‘স্বীকার করতে দ্বিধা নেই, লিভারপুলের ধাক্কাটা আমাদের আত্মবিশ্বাস একদম গুঁড়িয়ে দিয়েছিল। যার ফলে কোপা দেল রের ফাইনালটা হেরেছিলাম আমরা। আমার মনে হয়, লিভারপুলের বিপক্ষে জিততে পারলে কোপা দেল রের ফাইনালেও আমরা জিততাম।’

লিভারপুলের বিপক্ষে সে সেমিফাইনালের দুঃস্মৃতি বার্সাকে তাড়া করে ফিরছিল চলতি মৌসুমেও। একটা সময়ে ছিটকে গিয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষ চার থেকেও। সে অবস্থাটা অবশ্য এরই মধ্যেই সামলে ফেলেছে দলটি। শীর্ষে থেকেই শেষ করেছে বছরটা।

তবে এখনো মৌসুমের অনেকটা সময় বাকি, অভিমত ভালভার্দের। বার্সা কোচের ভাষ্য, ‘আমরা (মৌসুমের) শুরুটা ভালোভাবে করতে পারিনি, তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমরা লা লিগার শীর্ষে আছি তবে, এখনো অনেক পথ বাকি। বছরটা অন্য যে কোনো বছরের চেয়ে আঁটসাঁট। আরো কঠিন হয়ে পড়েছে ম্যাচ জেতা।’

নতুন বছরে পুরোনো ভুল না করার প্রত্যয় ঝরলো কোচের কণ্ঠে, ‘আসছে বছর, গুরুত্বপূর্ণ সময়গুলোতে আমাদের আরো সজাগ থাকতে হবে। বিশেষ করে কয়েক মিনিটের মধ্যে দুই গোল হজমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ২০২০ সালে আমাদের লক্ষ্য প্রতিটা ম্যাচ জেতা।’