শিরোপা জিতল নির্বাণ ক্লাব

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

চট্টগ্রাম ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

নির্বাণ স্পোর্টিং ক্লাব ইস্পাহানি পাইওনিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে নির্বাণ ক্লাব ৪-২ গোলে রামপুরা ফুটবল ক্লাবকে হারায়।

নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। অহির নির্বাণ ক্লাবকে এগিয়ে দেওয়ার পর রামপুরা দলকে সমতায় ফেরান তাওহীদ। পরে জয়ী দলের পক্ষে শাহরিয়ার, জুনায়েদ, আনোয়ার ও অছি এবং বিজিত দলের হয়ে গোল করেন হূদয় ও শান্ত। জয়ী দলের গোল রক্ষক আফাজ ফাইনালের সেরা খেলোয়াড়, বিজিত দলের আরমান শাহ সেরা স্কোরার হিসেবে পুরস্কৃত হন।

শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, লিগ কমিটির চেয়ারম্যান ও মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রাজিব বসাক, ইস্পাহানি গ্রুপের এমপি, মীর্জা শাকির ইস্পাহানি, আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, ফুটবল কমিটির সম্পাদক শামীম আজাদ খোকন প্রমুখ।

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ পাইওনিয়ার ফুটবল লিগে ১৬টি দল অংশগ্রহণ করে।