চামড়াপণ্য ও পাদুকাশিল্পে সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট

চামড়া ও চামড়াজাত পণ্য উত্পাদন খাতের শ্রমিকদের সর্বনিম্ন  মোট মজুরি ৭ হাজার ১০০ টাকা ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয় গঠিত নিম্নতম মজুরি বোর্ড। এর আগে এ খাতের সর্বনিম্ন মোট মজুরি ছিল ৩ হাজার ৬৫২ টাকা। গত সেপ্টেম্বরে এ খাতের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। নতুন মজুরি কাঠামো অনুযায়ী বছরে শ্রমিকদের এই মজুরির সঙ্গে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট যুক্ত হবে। এছাড়া শিক্ষানবিশদের জন্য সর্বনিম্ন মজুরি ঠিক করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। এই খাতের শ্রমিকদের পাঁচটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন গ্রেড, অর্থাত্ ষষ্ঠ গ্রেডে আলোচ্য মজুরি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মূল মজুরি ৩ হাজার ৫০০ টাকা, বাড়িভাড়া ভাতা ১ হাজার ৭৫০ টাকা, চিকিত্সা ভাতা ৬০০, যাতায়াত ভাতা ৩৫০ টাকা এবং খাদ্য ভাতা ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে মোট মজুরি ৭ হাজার ৭৭৫ টাকা, চতুর্থ গ্রেডে ৮ হাজার ৫২৫ টাকা, তৃতীয় গ্রেডে ৯ হাজার ৩৫০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১১ হাজার ১৫ টাকা এবং প্রথম গ্রেডে ১৩ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে গার্মেন্টস খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা। অন্যদিকে ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৩ হাজার টাকার ওপরে। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ইত্তেফাককে বলেন, ট্যানারি খাতে ট্রেড ইউনিয়ন থাকলেও চামড়া ও পাদুকাশিল্প খাতে কার্যকর কোনো ট্রেড ইউনিয়ন নেই। তাই নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে মালিকপক্ষের  ইচ্ছারই প্রতিফলন হয়েছে।

সূত্র জানিয়েছে, দেশে রপ্তানিমুখী চামড়া ও পাদুকাশিল্প খাতে শ্রমিকের সংখ্যা লক্ষাধিক হবে। অন্যদিকে স্থানীয় বাজারের জন্য উত্পাদন হওয়া চামড়া ও পাদুকাশিল্পের শ্রমিকের হিসাব করলে এই সংখ্যা কয়েক লাখ।