জমে উঠেছে ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

বিশেষ প্রতিনিধি

বাহারি রঙের পোস্টার, ফেস্টুন আর গান বাজনায় জমে উঠেছে বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন। নির্বাচন ঘিরে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড, তেজগাঁও শিল্প এলাকা, কাওরান বাজারসহ আশপাশ এলাকায় দিনরাত চলছে প্রচারণা। আগামীকাল শুক্রবার উত্তরা ৪ নম্বর সেক্টরে হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব বলেন, শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ যাতে কোনোভাবে কেউ অশান্ত করে তুলতে না পারে সেজন্য আগে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে। তিনি বলেন, ১৮টি পদের মধ্যে ছয়টি পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত জন নির্বাচিত হয়েছেন। এখন ১২ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট প্রার্থীর সংখ্যা ৪৮ জন। এরই মধ্যে সভাপতি পদে দুই জন প্রার্থী আলহাজ তালুকদার মনির হোসেন ও শেখ জালাল। অপর দিকে সাধারণ সম্পাদক পদে রয়েছে দুই জন প্রার্থী হাবিবুর রহমান হাবু ও মতিন মৃধা। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ করা হবে।