ঘন কুয়াশায় সারা রাত ফেরি বন্ধ, ঘাটে আটকা দেড় সহস্রাধিক যান

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৩

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। আটকা পড়ে দেড় সহস্রাধিক যানবাহন।

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিসার্ভিস বন্ধ ছিল। যানবাহন ও যাত্রী নিয়ে  টানা ১১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সহস্রাধিক বিভিন্ন প্রকার গাড়ি। ঘাটের জিরোপয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের  গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তায় গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশক্রমে দৌলতদিয়া ঘাটগামী ১২ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় অঞ্চলিক মহাসড়ক রাজবাড়ীর জামাই পাগলের মাজার পর্যন্ত চার কিলোমিটার বিভিন্ন প্রকার অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রাখে পুলিশ। এতে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকেপড়া গাড়িগুলোর মধ্যে মঙ্গলবার  রাতে ফেরি পারের অপেক্ষায় চার শতাধিক ‘নাইট কোচ’ ছিল। পরদিন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফেরি সার্ভিস শুরু হলে পর্যায়ক্রমে ঐ কোচগুলো ফেরির নাগাল পেতে শুরু করে।          এদিকে হিমেল বাতাসে তীব্র শীত ও কুয়াশার মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকায় বিভিন্ন বাসের সাধারণ যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন। প্রাকৃতিক কাজ সারতে সমস্যা হয়। এ সময় ঘাটে খাবার হোটেলসহ বিভিন্ন দোকান ব্যবসায়ীদের জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যায়।

এদিকে ফরিদপুর জেলার তালমা থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার মো. ইসমাইল বলেন, গোয়ালন্দ মোড়ে এসে তিন দিন সিরিয়ালে  আটকে আছি। এখনো ফেরির দেখা মেলেনি। এখান থেকে ঘাট ১২ কিলোমিটার দূরে রয়েছে। কখন ফেরিতে উঠতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই।

বিআইডব্লি­উটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা ফেরিসার্ভিস বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ তবে ছোটো-বড়ো মোট ১৪টি ফেরি সার্বক্ষণিক সচল রেখে আটকে পড়া গাড়িগুলো দ্রুত পারাপার করা হচ্ছে বলে তিনি জানান।

রাজবাড়ী জেলা ট্রাফিক পুলিশের টিএসআই মো. আলম জানিয়েছেন, দৌলতদিয়া ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ প্রশাসনের নির্দেশক্রমে দৌলতদিয়া ঘাটগামী অপচনশীল পণ্যবাহী সাড়ে চার শতাধিক ট্রাক রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড় এলাকায় আটকে রাখা হয়েছে। ঘাট পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ঐ ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে।

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় পারাপারের

অপেক্ষায় সাড়ে ৫ শতাধিক গাড়ি

৯ ঘণ্টা পর ফেরি চালু

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা জানান, ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। প্রায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় সকাল ৮টা ৫ মিনিট থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়। এতে ঘাট এলাকায় প্রায় সাড়ে ৫ শতাধিক যানবাহন আটকা পড়ে। সেই সঙ্গে ব্যহত হয় পণ্যদ্রব্য পারাপার।

বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার পর থেকে এ নৌরুটসহ আশপাশের এলাকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশায় দৃষ্টিসীমা সংকুচিত হয়ে মার্কিং বাতি অস্পষ্ট হয়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ১১টায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে কুয়াশার ঘনত্ব কিছুটা কমলে বুধবার সকাল ৮টা ৫ মিনিটে সতর্কতার সঙ্গে ফেরি চলাচল শুরু হয়।

সরেজমিন বুধবার সকালে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘুরে দেখা যায়, উভয় ঘাটের টার্মিনালের ভিতর ও বাইরে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানসহ সাড়ে ৫ শতাধিক যানবাহন রয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে যানবাহন ছাড়া হচ্ছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট শাখার ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া বলেন, ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়।