চট্টগ্রামে শিশুসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় তিন বছরের এক শিশুসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক জন। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট—

চট্টগ্রাম অফিস জানায়, প্রাইভেট কারের ধাক্কায় তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার নগরীর বায়েজিদ এলাকার কুঞ্জছায়া আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাসনিয়া আক্তার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুর বাবা বাসা থেকে বের হয়ে সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শিশুটিও বাবার পেছনে পেছনে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এ সময় একটি প্রাইভেট কার শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।                এদিকে চট্টগ্রামে উলটে যাওয়া বাসের নিচে চাপা পড়ে হাবিবা আক্তার নামে এক নারী গার্মেন্টস কর্মী নিহত ও সাত জন আহত হয়েছে। গতকাল বুধবার নগরীর ইপিজেড থানার পতেঙ্গা গুপ্তখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা আক্তার সিইপিজেড এ ইউনি গ্রুপ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনা দুর্গাপুর সড়কের বিরিশিরিসংলগ্ন উত্রাইল বাজার এলাকায় গতকাল মঙ্গলবার বিকালে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন এবং ময়মনসিংহ নেওয়ার পথে অপর দুই জন মারা যান। নিহতরা হচ্ছেন গৃহবধূ দুর্গাপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের নূর ইসলামের স্ত্রী সেলিমা খাতুন (৪০), একই উপজেলার শিমুলতলী গ্রামের মৃত ঈমাম আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও একই উপজেলার ইদ্রপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে নুরু মিয়া (৪০)।

এদিকে নেত্রকোনা সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় গতকাল বুধবার বিকালে বালুবাহী লরি চাপায় নজরুল ইসলাম নামে (৫০) নেত্রকোনা ব্র্যাক অফিসে কর্মরত এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন। নিহত নজরুল ইসলাম বাড়ি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘুষের পাড়া গ্রামের আক্কেল মণ্ডলের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পারলা বিডিআর ক্যাম্পের নিকট নজরুল ইসলাম তার বাসা থেকে মোটর সাইকেল যোগে চল্লিশা যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি লরি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়।

শেরপুর (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শেরপুরে ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়করে পাশের ঘরে ঢুকে কাভার্ড ভ্যানের চাপায় কাজলী খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৭টায় শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকাগামী কাভার্ড ভ্যান শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ঘরে ঢুকে পড়ে। এ সময় ররোয়া গ্রামের গহর আলীর স্ত্রী কাজলী খাতুন ঘরের ভিতর রান্না করাবস্থায় কাভার্ড ভ্যানটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।