আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা আছে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:১১

দেশের বিভিন্ন স্থানে বইছে আরেকটি শৈত্যপ্রবাহ। হ্রাস পাচ্ছে দিন ও রাতের তাপমাত্রা। এ অবস্থায় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল পর্যন্ত এটাই ছিল এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে আজ ও কাল ঢাকাসহ কয়েকটি বিভাগে বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর ঠান্ডার তীব্রতা আরো বাড়বে। এদিকে নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প উপকূলে আসার পর পুবালি বাতাসের সঙ্গে পশ্চিমা বাতাসের মিশ্রণে দক্ষিণ ও মধ্যাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকাবৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে                এবং তা অব্যাহত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আরো কয়েকদিন রাতের তাপমাত্রা হ্রাস পাবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। কারণ, এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় এবং দিনভর কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পায়। তীব্র শীতে দুর্ভোগে পড়ে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রংপুর ও রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল ও কুষ্টিয়া জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে দুই দিন দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা খুলনা, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রা আরেকটু কমতে পারে। শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রা পেতে পারে। বুধবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২১ দশমিক ১ ডিগ্রি এবং ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ২৫ ডিগ্রি সেলসিয়াস।