নুরের ওপর হামলা

সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:১২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডাকসুতে হামলার ঘটনায় যারা প্রকৃত অন্যায় কাজটি করেছে, তাদের ধরা হবে। চেষ্টা অব্যাহত আছে। ভিডিও ফুটেজ আসুক, খতিয়ে দেখা হবে। আপনারা জানতে পারবেন। হামলাকারীরা কেউ পার পাবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ  করা হবে।

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তরুণসমাজকে মাদকের                ভয়ানক ছোবল থেকে বাঁচাতে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমাদের আগামীর প্রজন্ম মাদকের ছোবলে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। যাতে আমাদের সন্তানরা নিরাপদে থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

এ সময় সরকারের নানা উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাইর সহযোগিতা করা উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য সাদেক খান, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা।