সরকারি সম্পদ রক্ষার দায়িত্ব জনগণের :মোদি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

নাগরিকত্ব সংশোধিত আইন (সিএএ) বাতিলের দাবিতে ভারত জুড়ে বিশেষ করে উত্তর প্রদেশে সহিংস বিক্ষোভের নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জনগণের। উত্তর প্রদেশের লক্ষেৗতে এক অনুষ্ঠানে মোদি বলেন, সরকারি সম্পত্তি বিনষ্ট করা ভালো না খারাপ সেটা অভিযুক্তদের উপলব্ধি করার প্রয়োজন আছে। বিক্ষোভকারীদের মনে রাখতে হবে যে, ভারতের প্রতিটি নাগরিক নিরাপদ পরিবেশে থাকতে চান। নিরাপদ পরিবেশ সবার অধিকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি মেনে চলা সবার কর্তব্য। উত্তর প্রদেশে সিএএ বাতিলের দাবিতে বিক্ষোভে সহিংসতায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। খবর :এনডিটিভি।

অটল বিহারী বাজপেয়ি মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, ভালো এবং গ্রহণযোগ্য শিক্ষা আমাদের অধিকার। আবার শিক্ষকদের সম্মান করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্ষা করাও আমাদের দায়িত্ব। প্রসঙ্গত, নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে ভারতের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এদিকে ভারতে চলমান বিক্ষোভে ইন্ধনের অভিযোগে বিরোধীদলের বেশ কয়েকজন নেতার মামলা হয়েছে। মামলা করা হয়েছে, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তার মেয়ে প্রিয়াংকা গান্ধীর বিরুদ্ধে। তামিলনাড়ুতে পুলিশের অনুমতি ছাড়া সিএএ-বিরোধী বিক্ষোভ করায় ডিএমকে পার্টির নেতা এম কে স্টালিনসহ প্রায় ৮ হাজার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া সিএএ-বিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলেমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি ও র্যামন ম্যাগসেসে পুরস্কার পাওয়া সাংবাদিক রাভিশ কুমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উত্তর প্রদেশের আলিগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেন আইনজীবী প্রদীপ গুপ্ত। আগামী ২৪ জানুয়ারি এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে।