হেলথ সায়েন্স ইনস্টিটিউটের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:২৯

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সাইন্সেস অ্যান্ড হাসপাতালের (বিআইএইচএসএইচ) চাকরিচ্যুত কর্মীরা তাদের পুনর্বহালের দাবি জানিয়েছেন। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়া দুই শতাধিক ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুতদের পক্ষে সুলতান মাহমুদ, আবুল কালাম আজাদ ও আবুল কাশেমসহ বেশ কয়েকজন বক্তব্য দেন। তারা বলেন, প্রতিষ্ঠানে চলছে চরম স্বেচ্ছাচারিতা। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের রোষানলে পড়ে এ পর্যন্ত চাকরি গেছে দুই শতাধিক মানুষের। তারা অভিযোগ করেন, কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো বা ব্যাখ্যা প্রদানের সুযোগ না দিয়ে তাদের চাকরি হতে অপসারণ করেছে। তাদের বিরুদ্ধে কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেয়নি। তাদের দাবি, তারা কোনো প্রকার অপরাধ বা প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয়। চাকরি জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিচ্যুতদের মধ্যে কারো কারো চাকরিকাল প্রায় ২২ বছরেরও বেশি।

কর্তৃপক্ষ কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন নীতিমালা উপেক্ষা করে প্রতিষ্ঠানটিতে ইচ্ছামতো বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দিচ্ছে। অত্যন্ত খামখেয়ালিভাবে বেশ কিছু অভিজ্ঞ কর্মকর্তা কর্মচারীদের অবৈধভাবে গণছাঁটাই করেছেন। চাকরিচ্যুতির বিষয়টি অসাংবিধানিক, অযৌক্তিক ও অমানবিক হওয়ায় দ্রুত সব আর্থিক সুবিধাসহ পুনর্বহালের ব্যবস্থার দাবি তাদের।