ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে লিখিতভাবে এই অনুরোধ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।
চিঠিতে বলা হয়, আপনার নিয়ন্ত্রণাধীন বিগত সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনগুলো সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। দেশের জনগণ আপনার প্রতি শ্রদ্ধাশীল, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়। কেননা নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ে ইতিপূর্বে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা নিপীড়ন ঘটে থাকলেও আপনার নিয়ন্ত্রণাধীন নির্বাচনে কোনো দুর্ঘটনা ঘটেনি।
সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ২০২০ সালের ৩০ জানুয়ারি নির্ধারণ করেছেন। কিন্তু উল্লেখিত তারিখে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উত্সব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠা, পাড়ামহল্লায়, ক্লাবসহ বিভিন্ন স্থানে এ পূজা উদ্যাপন করে। ফলে উল্লেখিত তারিখে ভোট গ্রহণ করলে দেশের বৃহত্ একটি অংশ ভোট গ্রহণে কিংবা পূজা উত্সব পালনে বিঘ্ন ঘটবে। দুই সিটিতে বৃহত্ জনগোষ্ঠীর ভোট প্রদান এবং পূজা উত্সব পালন নিশ্চিতের লক্ষ্যে ভোটের তারিখ পরিবর্তনের অনুরোধ জানানো হয়।
