গাজীপুর শহরের মসজিদের ইমামদের মাসিক সম্মানী দেওয়া হবে ---------------- মেয়র জাহাঙ্গীর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ব্যাংকে নিজ নিজ অ্যাকাউন্টের মাধ্যমে মহানগরীর সব মসজিদের ইমামদের নিয়মিত মাসিক সম্মানী প্রদান করা হবে। প্রতিটি ওয়ার্ডে কবরস্থান করে দেওয়া হবে। কবরস্থানের পাশে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করা হবে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশন এলাকার মধ্যে দুই বিঘা জমির ওপর গড়ে তোলা হবে কোরআন গবেষণাগার। 

মেয়র জাহাঙ্গীর আলম বুধবার দুপুরে নগরীর বোর্ডবাজারে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাঠে গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মাওলানা মুহিব খান, মুফতি নুরুল ইসলাম, মাওলানা গোলাম মাওলা, হাফেজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা কামরুল ইসলাম নোমানী, মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফিকুল আলম প্রমুখ। সমাবেশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলমসহ এলাকার কয়েক হাজার ইমাম-খতিব ও ওলামা মাশায়েখ উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ এবং মসজিদের খতিব ও ইমামদের তালিকা করা হচ্ছে। সিটিতে তাদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেওয়া হবে, যেখানে তাদের জন্য হাদিস ও কোরআন গবেষণা কেন্দ্রও থাকবে। ইমামদের হজে যাওয়ার জন্য বার্ষিক বাজেট করে দেওয়া হবে।